ক-এগারোর সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারের (জেআইসি) একটি কক্ষে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
শনিবার দুপুরে রাজধানীর ডিজিএফআই সদর দপ্তরে থাকা জেআইসি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, এক-এগারোর সময় তারেক রহমানকে জেআইসির একটি কক্ষে নিয়ে আসা হয়েছিল এবং সেখানে তাঁর ওপর নির্যাতন চালানো হয়। তদন্তের অংশ হিসেবে বিভিন্ন সাক্ষীর বক্তব্য থেকে এ-সংক্রান্ত তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি।
জেআইসি পরিদর্শনকে বিচারপ্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, আয়নাঘর হিসেবে পরিচিত এই স্থানে মানুষকে ধরে এনে বন্দি রাখা এবং নির্যাতন করা হতো। সরেজমিন পরিদর্শনের মাধ্যমে সেই সময়কার নির্মম পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া গেছে।
তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর জেআইসি সেলের অনেক আলামত ও গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ নষ্ট করা হয়েছে। ফলে বর্তমানে ঘটনাস্থলে থাকা আলামত ও তথ্য-প্রমাণ পর্যালোচনা করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা গুরুত্বপূর্ণ।
চিফ প্রসিকিউটর বলেন, কোনো নাগরিক অপরাধ করলে তাকে অবশ্যই আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। তবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে অহেতুক হয়রানির শিকার যেন কেউ না হন, সেটিও নিশ্চিত করা প্রয়োজন।
ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে জেআইসি পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ঘটনাস্থলের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ এবং সেখানে থাকা আলামত ও তথ্য-প্রমাণ সম্পর্কে ধারণা নেওয়া ন্যায়বিচারের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ।