নির্বাচনে বড় পরাজয়ের পর তৃণমূল কংগ্রেসে দেখা দেওয়া বিভক্তির মধ্যে দলত্যাগী নেতাদের উদ্দেশে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, দল ছেড়ে যাওয়া নেতারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন, তাহলে তিনি এক ঘণ্টার মধ্যেই দলের সব পদ থেকে পদত্যাগ করবেন।
শনিবার এক বক্তব্যে অভিষেক বলেন, যদি তিনিই দলত্যাগের প্রধান কারণ হয়ে থাকেন, তাহলে বিদ্রোহী নেতারা দলে ফিরে আসুন। তিনি জানান, বিকেল ৩টায় তাঁরা ফিরে এলে বিকেল ৪টার মধ্যেই তিনি পদত্যাগপত্র জমা দেবেন।
সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার পর তৃণমূল কংগ্রেস কয়েকটি অংশে বিভক্ত হয়েছে। দলটির একাংশ অন্য রাজনৈতিক দলে যোগ দিয়েছে, কেউ নিজেদের ‘আসল তৃণমূল’ দাবি করছে, আবার একটি অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কালীঘাট শিবিরে রয়েছে। দলত্যাগীদের মধ্যে রয়েছেন একাধিক লোকসভা ও রাজ্যসভার সদস্য এবং বহু বিধায়ক।
দল ছেড়ে যাওয়া নেতাদের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের ধরন, দল পরিচালনার পদ্ধতি এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণেই তাঁরা দল ছাড়তে বাধ্য হয়েছেন।
এসব অভিযোগের জবাবে অভিষেক বলেন, তাঁকে লক্ষ্যবস্তু বানিয়ে অনেকে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন। তাঁর দাবি, অনেক নেতা দুর্নীতির তদন্ত ও আইনগত চাপ এড়াতেই রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেছেন।
তিনি আরও বলেন, তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও তিনি কখনো পালিয়ে যাননি। বরং বিভিন্ন তদন্ত সংস্থার চাপ থেকে বাঁচতে অনেকেই তাঁকে প্রকাশ্যে সমালোচনা করছেন বলে অভিযোগ করেন তিনি।
অভিষেকের ভাষায়, তাঁর বিরুদ্ধে বক্তব্য দেওয়া বা সমালোচনা করা কিছু নেতার জন্য রাজনৈতিক সমঝোতার অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে তিনি পুনর্ব্যক্ত করেন, দলত্যাগীরা যদি সত্যিই ফিরে আসতে চান, তাহলে নিজের পদ ছেড়ে দিতে তিনি প্রস্তুত।