বাড়ি থেকে মমতার ভাতিজির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজি বৃষ্টি মুখোপাধ্যায়ের (৩১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাটের কুসুম্বা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

বৃষ্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নীহার মুখোপাধ্যায়ের মেয়ে। তাঁর মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের সদস্যদের ধারণা, বৃষ্টি আত্মহত্যা করে থাকতে পারেন। প্রাথমিক তদন্তে পুলিশেরও একই ধরনের ধারণা রয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।

পরিবার সূত্রে জানা গেছে, বৃষ্টি বোলপুরের একটি বিদ্যালয়ে করণিক হিসেবে চাকরি করতেন। নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠার পর তিনি চাকরি হারান। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

চাকরি হারানোর পাশাপাশি স্বামীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের মামলাও চলছিল। এসব কারণে তিনি দীর্ঘদিন ধরে একাকিত্ব ও হতাশায় ভুগছিলেন বলে পরিবারের দাবি। তাঁর চিকিৎসাও চলছিল।

বৃষ্টির বাবা নীহার মুখোপাধ্যায় জানান, মেয়ের মানসিক অবস্থার উন্নতির জন্য তাঁকে কয়েকবার কলকাতায় নিয়ে পুনর্বাসনকেন্দ্রে ভর্তি করা হয়েছিল। তবে তাতে আশানুরূপ ফল পাওয়া যায়নি।

মেয়ের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে নীহার মুখোপাধ্যায় বলেন, অনেক চেষ্টা করেও মেয়েকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত তাঁকে এভাবে হারাতে হলো।

বৃষ্টির মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এলাকার খবর

সম্পর্কিত