ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে অমৃতসরগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান অনিচ্ছাকৃতভাবে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করায় সংশ্লিষ্ট পাইলটকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্ত শুরু করেছে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএর তথ্য অনুযায়ী, গত সোমবার রাতে এয়ার ইন্ডিয়ার এয়ারবাস এ৩২১ উড়োজাহাজটি দিল্লি থেকে অমৃতসরের উদ্দেশে যাত্রা করে। স্থানীয় সময় রাত ১০টার দিকে অমৃতসর বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি চলাকালে রানওয়ে পরিদর্শন কার্যক্রমের কারণে বিমানটিকে আকাশে অপেক্ষা করার নির্দেশ দেওয়া হয়।
এর আগে একই দিন বিকেলে একটি ইন্ডিগো ফ্লাইট পাখির আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ায় বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটে। ফলে অমৃতসরমুখী একাধিক ফ্লাইটকে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় আকাশে অবস্থান করতে হয়।
ডিজিসিএ জানিয়েছে, অবতরণের জন্য রাডার নির্দেশনা অনুসরণের সময় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি সাময়িকভাবে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে। পরে পাকিস্তানের বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
এয়ার ইন্ডিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্লাইট এআই-৪৭৯ ‘গো-অ্যারাউন্ড’ প্রক্রিয়া অনুসরণ করার সময় অনিচ্ছাকৃতভাবে সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের আকাশসীমার একটি অংশে প্রবেশ করেছিল। বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাকে জানানো হয়েছে এবং অভ্যন্তরীণ তদন্তও চলছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানটি প্রায় তিন মাইল পর্যন্ত পাকিস্তানের আকাশসীমার ভেতরে প্রবেশ করেছিল।
ঘটনার পর যথাসময়ে রিপোর্ট না করায় ফ্লাইটের ক্রু সদস্যদের পাশাপাশি অমৃতসরের এক এয়ার ট্রাফিক কন্ট্রোলারের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিজিসিএ।
বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনার সময় অবতরণকারী বিমানগুলোর জন্য প্রয়োজনীয় রাডারভিত্তিক পর্যবেক্ষণ ও নির্দেশনা ব্যবস্থা পুরোপুরি কার্যকর ছিল না। পরবর্তীতে পুনরায় অবতরণের চেষ্টা করা হলেও তা সফল হয়নি। জ্বালানির পরিমাণ কমে আসায় শেষ পর্যন্ত বিমানটিকে দিল্লিতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন ক্রুরা।
পরে উড়োজাহাজটি নিরাপদে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে।