নিজের ছবি সংবলিত স্মারক মার্কিন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: হোয়াইট হাউসের এক্স অ্যাকাউন্ট
ছবি: হোয়াইট হাউসের এক্স অ্যাকাউন্ট

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে নতুন নকশার একটি বিশেষ স্মারক পাসপোর্ট উন্মোচন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সীমিত সংখ্যায় প্রকাশিত এই স্মারক সংস্করণে ট্রাম্পের প্রতিকৃতি সংযোজন করা হয়েছে।

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে নতুন পাসপোর্টের একটি নমুনা প্রকাশ করেন ট্রাম্প। পোস্টে তিনি লেখেন, ‘যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট।’ পাসপোর্টের নকশায় একটি বার্তাও যুক্ত করা হয়েছে—‘স্বাগতম, তবে ভদ্রভাবে থাকুন।’

নতুন স্মারক পাসপোর্টটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপনের প্রতীক হিসেবে তৈরি করা হয়েছে। এতে ট্রাম্পের গম্ভীর ভঙ্গির একটি প্রতিকৃতি এবং তার স্বাক্ষরও স্থান পেয়েছে। পটভূমিতে ব্যবহার করা হয়েছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের মূল পাঠ।

পাসপোর্টের অন্য পাশে ১৭৭৬ সালের স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের একটি ঐতিহাসিক চিত্রকর্ম এবং ‘ইউনাইটেড স্টেটস অব আমেরিকা ২৫০’ লেখা রয়েছে, যা স্বাধীনতার ২৫০ বছর পূর্তিকে নির্দেশ করে।

হোয়াইট হাউসও সামাজিক যোগাযোগমাধ্যমে একই নকশা প্রকাশ করে এটিকে ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ নামে উল্লেখ করেছে। এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, আগামী ৬ জুলাই থেকে বিশেষ নকশার এই স্মারক পাসপোর্ট সীমিত পরিসরে বিতরণ করা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই বিশেষ সংস্করণের পাসপোর্ট কেবল ওয়াশিংটনে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে সংগ্রহ করা যাবে এবং মজুত থাকা পর্যন্তই এটি পাওয়া যাবে।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন সরকারি উদ্যোগে নিজের ব্যক্তিগত পরিচিতি তুলে ধরার চেষ্টা করছেন ট্রাম্প। সরকারি বিভিন্ন স্থাপনায় তার ছবি-সংবলিত ব্যানার টানানো হয়েছে। এছাড়া ভবিষ্যতে এক ডলারের নোটে তার স্বাক্ষর যুক্ত করার পরিকল্পনার কথাও জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ।

এর আগে জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসের নামের সঙ্গে নিজের নাম যুক্ত করার উদ্যোগ নিলেও আদালতের নির্দেশে সেই সিদ্ধান্ত বাতিল করতে হয়।

নতুন স্মারক পাসপোর্ট কার্যকর হলে ট্রাম্পই হবেন প্রথম দায়িত্বে থাকা মার্কিন প্রেসিডেন্ট, যার প্রতিকৃতি যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য প্রকাশিত বিশেষ সংস্করণের ভ্রমণ নথিতে স্থান পাবে।

এলাকার খবর

সম্পর্কিত