নিউইয়র্ক সফরে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হতে পারে: মামদানি

আন্তর্জাতিক ডেস্ক
| ফটো কার্ড
 ছবি: NBC NEWYORK
ছবি: NBC NEWYORK

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী সেপ্টেম্বরে নিউইয়র্ক সফরে আসতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই সফরের সময় তাঁকে গ্রেপ্তারের আইনি সুযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।

গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৪ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অভিযোগের মধ্যে যুদ্ধের কৌশল হিসেবে খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার এবং অন্যান্য মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিষয়ও রয়েছে।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কড়া সমালোচক মামদানি দীর্ঘদিন ধরেই এ অভিযানকে ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করে আসছেন। নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনের প্রচারণায়ও তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সুযোগ পেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের উদ্যোগ নেবেন।

স্থানীয় সময় শনিবার নিউইয়র্ক টাইমস-এর একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি বলেন, ‘আমার বিশ্বাস, নেতানিয়াহুর জায়গা হেগে। তিনি একজন যুদ্ধাপরাধী এবং আন্তর্জাতিক অপরাধ আদালত তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছে।’

তবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা সাধারণত কূটনৈতিক দায়মুক্তি (ডিপ্লোম্যাটিক ইমিউনিটি) ভোগ করেন। এ কারণে বাস্তবে গ্রেপ্তারের বিষয়টি জটিল হতে পারে।

এ প্রসঙ্গে মামদানি জানান, সম্ভাব্য আইনি পদক্ষেপ নিয়ে নিউইয়র্ক সিটির আইন বিভাগের সঙ্গে নিয়মিত পরামর্শ চলছে।

তিনি বলেন, ‘নিউইয়র্ক সিটির আইন আমাকে যে সীমার মধ্যে কাজ করার অনুমতি দেবে, আমরা ঠিক সেটাই করব। এর বাইরে নতুন কোনো আইন তৈরি করা হবে না।’

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত