ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি, ইরানের ভিডিও নিয়ে তদন্ত শুরু

আন্তর্জাতিক ডেস্ক
| ফটো কার্ড
 ছবি:
ছবি:

ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকির ভিডিও, তদন্তে মার্কিন সিক্রেট সার্ভিস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়া একটি ভিডিও প্রচারের ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির সিক্রেট সার্ভিস। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে ভিডিওটি প্রচার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সিক্রেট সার্ভিসের মুখপাত্র নেট হেরিং জানান, সংস্থাটি ভিডিওটির বিষয়ে অবগত রয়েছে। তাদের সুরক্ষাধীন ব্যক্তিদের বিরুদ্ধে যেকোনো সম্ভাব্য হুমকিকে গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত করা হয় বলেও জানান তিনি।

প্রায় তিন মিনিটের ওই ভিডিওর শুরুতেই ইংরেজিতে ব্যারন ট্রাম্পকে কোথায় হত্যা করা হবে—এমন প্রশ্ন তুলে ধরা হয়। এরপর নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারসহ ব্যারন নিয়মিত যাতায়াত করেন বলে ধারণা করা হয়, এমন কয়েকটি স্থানের গ্রাফিক দেখানো হয়। ভিডিওর শেষ দিকে ব্যারনকে হত্যার জন্য এক কোটি ডলারের পুরস্কারের কথাও উল্লেখ করা হয়েছে।

সপ্তাহান্তে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি ভিডিওটি প্রচার করে। মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্রের দাবি, ট্রাম্প ও তাঁর পরিবারের সদস্যদের লক্ষ্য করে ইরান থেকে প্রচারিত ধারাবাহিক হুমকিমূলক ভিডিওরই অংশ এটি।

এর আগে ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়া হলেও ব্যারন ট্রাম্পকে প্রকাশ্যে লক্ষ্য করে এমন হুমকির ঘটনা এই প্রথম বলে ধারণা করা হচ্ছে।

২০২০ সালে ইরানি জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার নির্দেশ দেওয়ার পর থেকেই ট্রাম্পের বিরুদ্ধে ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার আশঙ্কা করে আসছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়েও ইরানে ট্রাম্পকে হত্যার জন্য পুরস্কার ঘোষণার পোস্টার দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে ব্যারন ট্রাম্পকে ঘিরে প্রচারিত ভিডিওটির উৎস, উদ্দেশ্য এবং এর পেছনে কারা জড়িত—এসব বিষয় খতিয়ে দেখছে মার্কিন কর্তৃপক্ষ।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত