ট্রাম্পের চাপের মধ্যেই পুতিন-সির বৈঠক, জোরালো হচ্ছে রাশিয়া-চীন সম্পর্ক

আন্তর্জাতিক ডেস্ক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে চলমান নানা অনিশ্চয়তার মধ্যেও দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

সোমবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে দুই নেতা বৈঠক করেন। মে মাসের পর এটিই ছিল তাঁদের প্রথম মুখোমুখি বৈঠক।

বৈঠকের শুরুতে সি চিন পিং বলেন, পুতিনের সঙ্গে আবার দেখা হওয়ায় তিনি আনন্দিত। তাঁর ভাষ্য, বেইজিং ও মস্কোর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হয়েছে এবং সামনে এই সম্পর্কের আরও উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। দুই দেশের মধ্যে চলমান অগ্রগতি ধরে রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

সি চিন পিংয়ের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে পুতিন বলেন, রাশিয়া ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সফলভাবে এগিয়ে যাচ্ছে।

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে দুই দিনব্যাপী এসসিও সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতার এই জোটের ২৫ বছর পূর্তি উপলক্ষে এবারের সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে এক ডজনের বেশি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পুতিন ও সি চিন পিংয়ের বৈঠকে মূলত দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গও এসেছে, তবে তা ছিল সীমিত পরিসরে।

সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করেছেন পুতিন। ইউক্রেন যুদ্ধ বন্ধে কাজ করার আগ্রহ প্রকাশ করলে পুতিন জানান, মস্কোও সংকট সমাধানের পথ খুঁজছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও পুতিনের আলাদা বৈঠক হওয়ার কথা রয়েছে।

এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে অস্ত্র দেওয়ার বিষয়ে রাশিয়া ও চীনকে সতর্ক করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এমন পরিস্থিতির মধ্যেই পুতিন ও সি চিন পিংয়ের বৈঠক এবং দুই দেশের সম্পর্ক আরও গভীর করার বার্তা বিশেষ গুরুত্ব পাচ্ছে।

এসসিওর পূর্ণাঙ্গ অধিবেশনে পুতিন, সি চিন পিং, পেজেশকিয়ান, মোদি ও শাহবাজ শরিফসহ সদস্যদেশগুলোর নেতারা অংশ নেবেন। অধিবেশনে সভাপতিত্ব করবেন কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভ।

বর্তমানে এসসিওর ১০টি সদস্যদেশ রয়েছে। এর বাইরে তুরস্ক, সৌদি আরব ও কাতারসহ ১৫টি দেশ জোটটির অংশীদার হিসেবে যুক্ত রয়েছে। আফগানিস্তান ও মঙ্গোলিয়া রয়েছে পর্যবেক্ষক দেশের তালিকায়।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত