মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তদারকির জন্য ‘এআই জার’ নিয়োগ এবং ‘এআই ফোর্স’ নামে একটি বিশেষ বাহিনী গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, প্রথম মেয়াদে গঠিত স্পেস ফোর্সের মতো এআই ফোর্সও গঠন করা হবে। একই সঙ্গে এআই বিষয়ক কার্যক্রম সমন্বয়ের জন্য শিগগির একজন ‘এআই জার’ নিয়োগের ঘোষণা দেওয়ার কথা জানান তিনি।
বিশ্বজুড়ে এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়লেও ট্রাম্প প্রযুক্তিটির উন্নয়ন ধীর করার পক্ষে নন। বরং যুক্তরাষ্ট্র যাতে এআই প্রযুক্তিতে চীনের তুলনায় পিছিয়ে না পড়ে, সে জন্য দ্রুত উন্নয়নের ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি।
এআইয়ের সম্ভাব্য ঝুঁকি ও জননিরাপত্তার ওপর এর প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রের কয়েকজন রাজনীতিক ও প্রযুক্তি খাতের ব্যক্তিরা সতর্কতা জানিয়েছেন। তবে ট্রাম্প এসব উদ্বেগকে অতিরঞ্জিত হিসেবে দেখছেন। তাঁর দাবি, এআই নিয়ে যে আশঙ্কা তৈরি করা হচ্ছে, তা প্রযুক্তিটির বিকাশ বাধাগ্রস্ত করার প্রচেষ্টার অংশ।
ট্রাম্প জানান, তাঁর প্রশাসন এআই শিল্পের বিকাশে বাধা দেবে না। তবে প্রযুক্তিটির অপব্যবহার হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে।
এদিকে ‘এআই জার’ পদে কাকে নিয়োগ দেওয়া হবে, ‘এআই ফোর্স’-এর কাঠামো কী হবে এবং এটি কোন সরকারি সংস্থার অধীনে কাজ করবে—এসব বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।