আর্জেন্টিনা জিতলে বিয়ে? ‘মুসিবতে আছি’ বললেন পরীমনি

বিনোদন ডেস্ক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া চিত্রনায়িকা পরীমনির এমন একটি পোস্ট কয়েক দিন ধরেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে বিশ্বকাপ ফাইনালের আগে এসে সেই ঘোষণা নিয়ে খানিকটা অস্বস্তিতে পড়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

রোববার (১৯ জুলাই) দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হাস্যরসের সুরে পরীমনি বলেন, ‘আমি তো আগে কখনো ঘোষণা দিয়ে বিয়ে করিনি। প্রেম করেছি, তারপর হুট করে বিয়ে করেছি। এবার বিয়ের ঘোষণা দিয়ে তো মুসিবতে পড়ে গেলাম। ভাবিনি, সবাই এত সিরিয়াসভাবে নেবে। এত এত বিয়ের প্রস্তাব আসছে, কিছুই বুঝতে পারছি না।’

তিনি জানান, মজার ছলে দেওয়া পোস্টের পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা জানিয়েছেন। কেউ কেউ আবার সরাসরি বিয়ের প্রস্তাবও পাঠিয়েছেন।

তবে বিয়ের বিষয়ে আরেকটি বাস্তবতার কথাও তুলে ধরেন পরীমনি। তিনি বলেন, ‘বিয়ের জন্য তো একজন অভিভাবক লাগে। আগে আমার অভিভাবক ছিলেন, এখন তো সে রকম কেউ নেই। ভাবছি, ছেলে বড় হোক, তার বিয়ে হোক। কিংবা তার আগেই যদি ছেলে আমার অভিভাবক হয়ে আমাকে বিয়ে দেয়, তখন দেখা যাবে।’

এতে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেও সঙ্গে সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার সম্ভাবনা নেই।

এদিকে আজ রাতে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন। আর্জেন্টিনার সমর্থক হিসেবে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়ে পরীমনি বলেন, ‘স্পেন খুব ভালো খেলছে, ম্যাচটা কঠিন হবে। কিন্তু আমার বিশ্বাস, শেষ পর্যন্ত বিশ্বকাপটা মেসির হাতেই উঠবে। আমি চাই আর্জেন্টিনা জিতুক, আর মেসি গোল্ডেন বুটও পাক।’

বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়ে নিয়মিত পোস্ট করেছেন পরীমনি। আকাশি-সাদা জার্সি পরে ভিডিও প্রকাশের পাশাপাশি লিওনেল মেসিকে নিয়ে একাধিক পোস্টও করেছেন তিনি।

গত বুধবার সেমিফাইনালের আগে নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’

মজার ছলে দেওয়া সেই পোস্ট দ্রুতই ভাইরাল হয়ে যায়। এরপর আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনকে নিয়েও আরেকটি রসাত্মক পোস্ট করেন তিনি, যা ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দেয়।

এখন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সম্ভাবনার পাশাপাশি ভক্তদের আরেকটি প্রশ্ন—দলটি চ্যাম্পিয়ন হলে সত্যিই কি আবার বিয়ে করবেন পরীমনি?

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত