নাটোরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে দেশ-বিদেশের পর্যটকদের কাছে তুলে ধরতে সরকার কাজ শুরু করবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
শনিবার সকালে নাটোরের ঐতিহাসিক রাণী ভবানী রাজবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পর্যটনমন্ত্রী বলেন, নাটোরের ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ অঞ্চলের পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করা হবে। একই সঙ্গে দেশের অন্যান্য সম্ভাবনাময় পর্যটন স্থানগুলোকে জনপ্রিয় করতেও সরকার পরিকল্পিতভাবে কাজ করছে।
তিনি জানান, দেশের ১ হাজার ৪৯৮টি সম্ভাবনাময় পর্যটন স্পট চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে এসব স্থানকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। শুধু পর্যটনকেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন নয়, পর্যটকদের জন্য আবাসন, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধাও এসব পর্যটন হাবের আওতায় রাখা হবে।
মন্ত্রী বলেন, পর্যটন অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতি ও দর্শনীয় স্থানগুলোকে যথাযথভাবে উপস্থাপনের মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা সম্ভব। এ লক্ষ্যেই দেশের বিভিন্ন অঞ্চলের পর্যটন সম্ভাবনা যাচাই করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
দুই দিনের সফরে শুক্রবার নাটোরে আসেন আফরোজা খানম। সফরের প্রথম দিনে তিনি উত্তরা গণভবন ও ‘মিনি কক্সবাজার’ নামে পরিচিত হালতি বিল পরিদর্শন করেন। পরে শনিবার রাণী ভবানী রাজবাড়ি পরিদর্শন করেন তিনি।
এ সময় নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ এবং নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।