বন্যা ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের ঘোষণা: ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: BSS
ছবি: BSS

পাহাড়ি ঢলের পানিতে বসতবাড়ি ডুবে যাওয়া ঠেকাতে চট্টগ্রামের বাঁশখালীতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। একই সঙ্গে বন্যার পানি দ্রুত নিষ্কাশনের জন্য দখল ও দূষণে অস্তিত্ব সংকটে থাকা খালগুলো খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

শনিবার (৮ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী।

আসাদুল হাবিব দুলু বলেন, প্রতিবছর বাঁশখালীর মানুষ যাতে বন্যার দুর্ভোগে না পড়েন, সে জন্য সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। পাহাড়ি ঢলের পানি যাতে লোকালয়ে ঢুকে বসতবাড়ি প্লাবিত করতে না পারে, সেজন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে দখল ও দূষণের কারণে এ অঞ্চলের অনেক খাল অস্তিত্ব হারানোর পথে। ফলে স্বাভাবিক বৃষ্টিপাতেও খালের দুই কূল উপচে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এ সমস্যা সমাধানে খালগুলো খনন ও পুনঃখনন করে পানিপ্রবাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে। এতে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশিত হবে এবং জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি কমবে।

মন্ত্রী আরও জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনসহ প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

এদিকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে রোববার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসবেন বলে জানান তিনি। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ, ত্রাণ বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।

পরে মন্ত্রী বাঁশখালী উপজেলার বাহারছড়ায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম, বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত