বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ ৫ জেলের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম বিভাগীয় ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে মাছ ধরার ট্রলার এফবি বরকত ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ডুবে যাওয়া ট্রলারের ভেতর থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয় বলে পরিবার ও উদ্ধার হওয়া জেলেরা জানিয়েছেন।

নিহত জেলেরা হলেন—নুর আলম (৩৭), কাওসার (৩০), সাইকুল (৩৩), ইব্রাহিম (২৮) ও বেল্লাল (২২)। তাঁদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়নের চর লাঠিমারা ও হাড়িটানা এলাকায়। মরদেহগুলো গ্রামের বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে এবং দাফনের জন্য কবরও খোঁড়া হয়েছে।

উদ্ধার হওয়া জেলে ও ট্রলারের বাবুর্চি ইউনুস মোল্লা জানান, সোমবার সাগর হঠাৎ উত্তাল হয়ে উঠলে প্রচণ্ড ঝড় ও ঢেউ শুরু হয়। এ সময় কয়েকজন জেলে ট্রলারের ব্রিজের ভেতরে বিশ্রাম নিচ্ছিলেন। এর মধ্যে ঢেউয়ের প্রবল আঘাতে ট্রলারটি উল্টে যায়।

ইউনুসের ভাষ্য অনুযায়ী, ট্রলারে থাকা ১৩ জন জেলের মধ্যে আটজন পানিতে ঝাঁপ দিয়ে বের হয়ে আসতে সক্ষম হন। প্রায় তিন ঘণ্টা সাগরে ভেসে থাকার পর অন্য একটি ট্রলার তাঁদের উদ্ধার করে। তবে ব্রিজের ভেতরে আটকা পড়া পাঁচ জেলে বের হতে পারেননি। পরে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

ট্রলারটির মালিক আশরাফ উদ্দিনের বড় ভাই মহিউদ্দিন জানান, দুই দিন আগে পাথরঘাটা থেকে মাছ ধরতে গভীর সমুদ্রে গিয়েছিল এফবি বরকত। সোমবার বৈরী আবহাওয়া ও প্রবল ঢেউয়ের মধ্যে ট্রলারটি ডুবে যায়। আটজন জেলে জীবিত উদ্ধার হলেও পাঁচজন নিখোঁজ ছিলেন। পরে তাঁদের মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।

বরগুনা জেলা ট্রলার মৎস্যজীবী মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম কোম্পানি জানান, সোমবার বরগুনার তিনটি মাছ ধরার ট্রলার সাগরে ডুবে যায়। অন্য ট্রলারগুলোর জেলেরা উদ্ধার হলেও এফবি বরকতের পাঁচ জেলে নিখোঁজ ছিলেন। তাঁদের উদ্ধারে সমিতির পক্ষ থেকে একটি ট্রলার সাগরে পাঠানো হয়েছিল।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল বলেন, পাঁচ জেলে নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত। তাঁদের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেলেও কর্তৃপক্ষ সরাসরি নিশ্চিত না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে প্রশাসন নিয়মিত যোগাযোগ রাখছে। উদ্ধার তৎপরতায় কোস্টগার্ডও কাজ করছে।

এলাকার খবর

সম্পর্কিত