পাটওয়ারীকে ‘বাটপার’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনার জবাব এমপি শওকতুলের

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে দেশের বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে তিনি এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা করে তাঁকে কড়া ভাষায় আক্রমণ করেন।

সোমবার বিকেলে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ছৈদলবাজারে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে শওকতুল ইসলাম অভিযোগ করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করছেন। এ সময় তিনি পাটওয়ারীকে ‘বাটপার’ বলে আখ্যা দেন এবং তাঁকে উদ্দেশ করে একটি বিতর্কিত ব্যক্তিগত মন্তব্যও করেন।

কুলাউড়ার উন্নয়নের দাবি

সংসদ সদস্য শওকতুল ইসলাম বলেন, গত চার মাসে কুলাউড়ায় যেসব উন্নয়নমূলক কাজ হয়েছে, অতীতে কোনো সংসদ সদস্যের সময় এত ব্যাপক উন্নয়ন হয়নি।

তিনি আরও বলেন, স্থানীয় মানুষের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তিনি শুনেছেন। পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধান এবং প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা

পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি বুরহান উদ্দিন সিদ্দিকী ময়েজ, সাধারণ সম্পাদক আহমেদুর রহমান খান মুরাদ, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, বিএনপি নেতা ফারুক আহমদ, কানাইটিকর পঞ্চায়েত কমিটির সভাপতি এমাদ উদ্দিন বাহার, হাসমত উল্লাহ, সৈয়দ মোশারফ আলী, আপ্তাব উদ্দিন, হাসান আলমসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত