কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পাওয়া সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শনিবার ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চেম্বার জজ আদালতের আদেশ অনুযায়ী আত্মসমর্পণ না করায় এবং একই আদেশে গ্রেপ্তারের নির্দেশ থাকায় তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এর আগে গত ২২ এপ্রিল রাতে হাফিজুর রহমানকে কেরানীগঞ্জের বাসা থেকে গ্রেপ্তার করে পিবিআই। পরে তাকে কারাগারে পাঠানো হয়। গত ২ আগস্ট হাইকোর্ট তাকে ছয় মাসের অন্তর্বর্তী জামিন দেন। এর পরদিন ৪ আগস্ট তিনি কারাগার থেকে মুক্তি পান।
হাইকোর্টের ওই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করলে গত ৬ আগস্ট আপিল বিভাগের চেম্বার জজ আদালত জামিন স্থগিত করেন। একই সঙ্গে হাফিজুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয় পুলিশকে।
২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় একটি বাসায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউসসংলগ্ন একটি ঝোপ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তাঁকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়েছিল।
পরদিন তনুর বাবা ইয়ার হোসেন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী সংস্থা পিবিআই চলতি বছরের ২২ এপ্রিল হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে। তিনি সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার। তনু হত্যাকাণ্ডের সময় ২০১৬ সালে তিনি কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন। ২০২৩ সালে তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন।