পরীক্ষা শেষে সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি ঘোষণা শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত, বৈরী আবহাওয়ায় পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আজ বুধবার সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার রাত পর্যন্ত বুধবারের পরীক্ষা স্থগিতের কোনো ঘোষণা না আসায় পূর্বঘোষণা অনুযায়ী কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। পরিকল্পনা অনুযায়ী, আজকের পরীক্ষা শেষ হওয়ার পর রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার থেকে সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু হবে।

আজ দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমানের তিন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র এবং মানবিক বিভাগের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র পরীক্ষা নেওয়া হচ্ছে। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষাও অনুষ্ঠিত হচ্ছে। তবে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পাঁচ জেলার পরীক্ষা স্থগিত রয়েছে।

মঙ্গলবার দিনভর বিক্ষোভ

মঙ্গলবার দিনভর রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। সকালে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে তারা ঢাকা শিক্ষা বোর্ডের উদ্দেশে রওনা দিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের সামনে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় কিছুক্ষণ ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরে শিক্ষার্থীরা নীলক্ষেত ও পলাশী হয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আলোচনার প্রস্তাব দিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে পুনরায় সায়েন্স ল্যাব এলাকায় ফিরে যান। এরপর সন্ধ্যায় তারা জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ অবরোধ করেন।

সংসদের সামনে উত্তেজনা

সন্ধ্যায় সংসদ ভবনের সামনে অবস্থান নেওয়ার পর পুলিশ আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়। এ সময় শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সংসদ ভবনের ভেতরে প্রবেশ করলেও দায়িত্বশীল কারও সঙ্গে তাদের আলোচনা হয়নি বলে অভিযোগ করেন তারা।

রাত সাড়ে ৯টার দিকে ঢাকা সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মিরাজ এক তাৎক্ষণিক ব্রিফিংয়ে জানান, সরকারের পক্ষ থেকে তাদের মূল দাবিগুলোর কোনোটি গ্রহণ করা হয়নি। ফলে বুধবার পরীক্ষা স্থগিত না হলে পরীক্ষা শেষে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করা হবে।

তিনি বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতেও তারা অনড় রয়েছেন। একই সঙ্গে সরকার পরীক্ষা স্থগিত না করলে পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

শিক্ষার্থীদের তিন দফা দাবি

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলো হলো—

  • দেশের বিভিন্ন এলাকায় বৈরী আবহাওয়া ও দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখতে হবে।
  • প্রতিকূল আবহাওয়ার কারণে ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করতে হবে।
  • আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ নিশ্চিত করতে হবে।

দিনভর কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন করেন। বুধবারের লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত