মেসির জন্মদিনে আবেগঘন চিঠি, বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ দেখার আমন্ত্রণ পেল ৮ বছরের ভক্ত

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লিওনেল মেসির জন্মদিন উপলক্ষে লেখা একটি আবেগঘন চিঠি বদলে দিল ৮ বছর বয়সী মানু লিতভির জীবন। আর্জেন্টাইন কিংবদন্তির প্রতি ভালোবাসা প্রকাশ করে লেখা সেই চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলার পর বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা সরাসরি দেখার আমন্ত্রণ পেয়েছে খুদে এই ভক্ত।

মানু আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব আর্জেন্টিনোস জুনিয়র্স-এর বয়সভিত্তিক দলের একজন ফুটবলার। গত ২৪ জুন, মেসির জন্মদিনে জনপ্রিয় ইউটিউব ও টুইচ চ্যানেল ‘ওলগা’-র ‘সেরিয়া ইনক্রেইবল’ অনুষ্ঠানে সে নিজের লেখা চিঠিটি পড়ে শোনায়।

চিঠিতে মানু লিখেছিল, “প্রিয় লিও, আজ তোমার জন্মদিন। আমি শুধু জানাতে চাই, তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ।”

শুধু মেসির ফুটবল নয়, তাঁর ব্যক্তিত্বও মুগ্ধ করেছে খুদে এই সমর্থককে। অনুষ্ঠানে মানু বলে, “তোমাকে খেলতে দেখলে মনে হয় তুমি আর বল যেন এক হয়ে গেছ। তোমার খেলার চেয়েও তোমার মানুষ হিসেবে আচরণ আমাকে বেশি অনুপ্রাণিত করে। তুমি সব সময় সতীর্থদের পাশে দাঁড়াও এবং কখনো হাল ছাড়ো না।”

ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর মেসির এক বাণিজ্যিক অংশীদার প্রতিষ্ঠান মানুর পরিবারের সঙ্গে যোগাযোগ করে। এরপর অনুষ্ঠানের উপস্থাপক পলা চাভেস মানুর উদ্দেশে একটি বিশেষ চিঠি পড়ে শোনান।

সেই চিঠিতে জানানো হয়, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মানু ও তার পুরো পরিবারকে যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ সরাসরি দেখার আমন্ত্রণ জানানো হয়েছে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন জানিয়েছে, এই সফরের অংশ হিসেবে মানু বিশ্বকাপের শেষ ৩২ দলের রাউন্ডে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ স্টেডিয়ামে বসে উপভোগ করার সুযোগ পাবে।

নিজের স্বপ্নের কথাও চিঠিতে তুলে ধরেছিল মানু। সে জানায়, একদিন পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে সে।

তার ভাষায়, “আমি আর্জেন্টিনোস জুনিয়র্সে খেলি। প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমি প্রার্থনা করি যেন একদিন পেশাদার ফুটবলার হতে পারি। যখনই সেই স্বপ্নের কথা ভাবি, তখন তোমার কথাই মনে পড়ে। কারণ তুমি প্রমাণ করেছ, স্বপ্ন যত কঠিনই হোক, পরিশ্রম করলে তা বাস্তবে রূপ দেওয়া সম্ভব।”

একটি সাধারণ জন্মদিনের শুভেচ্ছা বার্তা যে এমন অসাধারণ অভিজ্ঞতার দরজা খুলে দেবে, তা হয়তো কল্পনাও করেনি ছোট্ট মানু। এখন সে শুধু নিজের প্রিয় দল আর্জেন্টিনার ম্যাচই দেখবে না, বরং স্টেডিয়ামে বসে নিজের সবচেয়ে বড় অনুপ্রেরণা লিওনেল মেসিকে সরাসরি দেখার স্বপ্নও পূরণ করতে যাচ্ছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত