রংপুরের গঙ্গাচড়ায় বিয়ে বাড়িতে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত পাঁচ বছর বয়সী এক শিশুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম মান্দ্রাইন গ্রামের নির্মল চন্দ্র রায় (৭৫) এবং তাঁর ছেলে প্রশান্ত চন্দ্র রায় (৩৫)। প্রশান্ত চন্দ্র রায় পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রশান্ত চন্দ্র রায় তাঁর বাবা নির্মল চন্দ্র রায় এবং পাঁচ বছর বয়সী ছেলে বন্ধন চন্দ্র রায়কে নিয়ে মোটরসাইকেলে করে তুলশীরহাটে একটি বিয়ে বাড়িতে যাচ্ছিলেন। পথে মন্থনা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রংপুরগামী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রশান্ত চন্দ্র রায়ের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় নির্মল চন্দ্র রায় ও শিশু বন্ধনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নির্মল চন্দ্র রায়ের মৃত্যু হয়। বর্তমানে আহত শিশুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছে।
গঙ্গাচড়া থানার ওসি আব্দুস ছবুর জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।