ভারতকে হারাতে না পেরে এএফসি অনূর্ধ্ব-২০ বাছাই শেষ বাংলাদেশের
মালদ্বীপের মালেতে গত এপ্রিলে টাইব্রেকারে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই ভারতের কাছেই এবার ৩-০ গোলে হেরে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
প্রথম দুই ম্যাচে হেরে চূড়ান্ত পর্বে ওঠার লড়াই থেকে আগেই ছিটকে গিয়েছিল বাংলাদেশ। ফলে ভারতের বিপক্ষে ম্যাচটি ছিল অনেকটা আনুষ্ঠানিকতার। তবে প্রতিপক্ষ ভারত হওয়ায় ভালো পারফরম্যান্স দিয়ে জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করতে চেয়েছিলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত কোচ আতিকুর রহমান। শেষ পর্যন্ত অবশ্য সেটি আর সম্ভব হয়নি।
মাঠের বাইরের বিভিন্ন বিতর্ক এবং প্রথম দুই ম্যাচে দলের ছন্নছাড়া পারফরম্যান্সের পর ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছিল বাফুফে। দলের সঙ্গে সহকারী হিসেবে থাকলেও জেরার্ডের কারণে প্রথম দুই ম্যাচে ডাগআউটে থাকতে পারেননি আতিকুর। তৃতীয় ম্যাচে দায়িত্ব নিয়ে ভালো কিছু করার প্রত্যাশা জানিয়েছিলেন সাবেক এই ফুটবলার। তবে দোস্তলিক স্টেডিয়ামের ম্যাচে তার সেই প্রত্যাশার প্রতিফলন দেখা যায়নি।
ম্যাচের ২৬ মিনিটে এগিয়ে যায় ভারত। বক্সে বাড়ানো বল বাংলাদেশের দুই ডিফেন্ডার ঠিকমতো ক্লিয়ার করতে না পারায় সুযোগ পান মণিপুরের ১৮ বছর বয়সী মিডফিল্ডার ড্যানি মেইতেই লাইশরাম। বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে তিনি বল বাংলাদেশের গোলকিপার রাজ চৌধুরীর পায়ের নিচ দিয়ে জালে পাঠান।
৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ভারত। থ্রো-ইন থেকে পাওয়া বলে বাংলাদেশের বক্সের ভেতর এক ভারতীয় খেলোয়াড় ব্যাক হেড করলে বাতাসে থাকা বলটি দৃষ্টিনন্দন ব্যাকভলিতে জালে পাঠান মিডফিল্ডার বিশাল যাদব। ভারতের দুই গোলেই বাংলাদেশের রক্ষণভাগের দুর্বলতার চিত্র ফুটে ওঠে।
দ্বিতীয় গোলের পর ভারতের এক খেলোয়াড়কে ফাউল করায় বাংলাদেশের ডিফেন্ডার মিঠু চৌধুরীকে হলুদ কার্ড দেখান রেফারি। সিদ্ধান্ত নিয়ে মিঠু অসন্তোষ প্রকাশ করলে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সাময়িক উত্তেজনা ও বাগ্বিতণ্ডা দেখা দেয়। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আক্রমণভাগে স্ট্রাইকার মাহী খান ও উহঙ্গার অ্যাডাম আব্বাস ব্যবধান কমানোর চেষ্টা করলেও বাংলাদেশের রক্ষণভাগের ভুলের পুনরাবৃত্তি চলতে থাকে। ম্যাচের শেষ দিকে আবারও রক্ষণে খেই হারায় বাংলাদেশ। সুযোগ কাজে লাগিয়ে ভারতের বদলি মিডফিল্ডার মো. আরবাশ বক্সের ভেতর থেকে গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।
এর আগে উজবেকিস্তানের কাছে ২-০ এবং সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ফলে তিন ম্যাচে কোনো জয় বা পয়েন্ট না পেয়েই এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব শেষ করল দলটি।
অন্যদিকে সিরিয়াকে ১-০ গোলে হারিয়ে বাছাইপর্ব শুরু করা ভারত স্বাগতিক উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হেরেছিল। শেষ ম্যাচে বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বে ওঠার লড়াইয়ে টিকে থাকল তারা।