ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। একই সঙ্গে হামলায় জড়িত ব্যক্তিদের ইতালির প্রচলিত আইনে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ অভিযোগ করেন, ভেনিসের একটি পার্কে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বাঁধনের ওপর হামলা চালিয়েছেন এবং তাঁকে শারীরিকভাবে আঘাত করেছেন।
তিনি বলেন, জুলাইয়ের গণ-আন্দোলনে বাঁধন সক্রিয়ভাবে রাজপথে ছিলেন এবং দেশের মানুষের অধিকার ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশের দাবিতে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন। তাঁর ওপর হামলাকে পরাজিত রাজনৈতিক শক্তির পুরোনো সন্ত্রাসী চরিত্রের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি।
আসিফ মাহমুদ আরও বলেন, হামলা, ভয়ভীতি বা সহিংসতার মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখা সম্ভব নয়। ইতালির মাটিতে বাংলাদেশের একজন নাগরিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দেশটির আইনে বিচারের মুখোমুখি করার পাশাপাশি বাংলাদেশ দূতাবাসের প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নেওয়া উচিত।
বাঁধনের প্রতি পূর্ণ সংহতি জানিয়ে তিনি বলেন, জুলাইয়ের সহযোদ্ধাদের ওপর যেকোনো হামলার বিরুদ্ধে তাঁদের অবস্থান স্পষ্ট।
অন্যদিকে, অভিনেত্রী বাঁধনের সাহসী ভূমিকার প্রশংসা করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, দেশের মানুষকে স্বৈরাচারমুক্ত করার আন্দোলনে বাঁধনের ভূমিকা প্রশংসনীয়।
বাঁধনের উদ্দেশে সারজিস আলম লিখেছেন, ‘আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত।’
তিনি আরও বলেন, হামলার সময়ও বাঁধন হামলাকারীদের ‘বাঙালি ভাই’ হিসেবে সম্বোধন করেছেন। একই সঙ্গে হামলাকারীদের কঠোর ভাষায় সমালোচনা করে তিনি বলেন, তাঁদের কাছ থেকে মানবিক আচরণ প্রত্যাশা করার সুযোগ নেই।