ইতালিতে বাঁধনকে হেনস্তা, নিন্দা জানিয়ে পাশে দাঁড়ালেন সাফা কবির

বিনোদন ডেস্ক
| ফটো কার্ড
 ছবি: কোলাজ
ছবি: কোলাজ

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অভিনয়শিল্পী সাফা কবির। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে শিল্পী হিসেবে বাঁধনের পাশে থাকার কথা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে সাফা কবির বলেন, বাঁধন ও তাঁর পরিবারকে যে পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের বাইরে চলচ্চিত্র উৎসবে নিজের চলচ্চিত্র ও দেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া একজন শিল্পীর প্রাপ্য সম্মান ও নিরাপত্তা; অপমান, হয়রানি কিংবা আতঙ্ক নয় বলেও মন্তব্য করেন তিনি।

সাফা বলেন, দেশের শিল্পীদের বিভিন্ন সময়ে রাজনৈতিক ঘটনার সঙ্গে জড়িয়ে পড়তে হয়। এর ফলে অনেক শিল্পী স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশের সুযোগ হারান। তাঁর মতে, শিল্পীর কাজ সত্য, ন্যায় ও মানুষের কথা বলা এবং এটাই শিল্পীর স্বাধীনতার অংশ।

তিনি প্রশ্ন তোলেন, একজন শিল্পী নিজের কণ্ঠের মাধ্যমে কথা বলার কারণে কেন বারবার মূল্য দেবেন। একই সঙ্গে কিছু মানুষের আচরণের কারণে পুরো দেশের মানুষকে হিংস্র, উগ্র কিংবা অসভ্য হিসেবে বিবেচনা করা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

সাফার ভাষ্য, কিছু মানুষের কর্মকাণ্ডের দায় পুরো দেশের সাধারণ মানুষকে বহন করতে হওয়া উচিত নয়। দেশের বাইরে বাংলাদেশিদের সম্মান, ভিসা কিংবা চলাচলের ক্ষেত্রে এমন ঘটনার প্রভাব পড়া নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

ইতালিতে বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার দাবি করে সাফা বলেন, তিনি চান বাঁধন ন্যায়বিচার পান। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন, ঘটনাটি কয়েক দিনের আলোচনা ও প্রতিবাদের পর অন্য কোনো নতুন ঘটনার আড়ালে হারিয়ে যেতে পারে।

সাফা কবির বলেন, একজন শিল্পীর নিরাপত্তা, সম্মান ও স্বাধীনতার বিষয়টি শুধু ব্যক্তিগত কোনো বিষয় নয়; এর সঙ্গে সমাজ, দেশ ও জাতীয় পরিচয়ের প্রশ্নও জড়িত। কোনো শিল্পীর কণ্ঠ, সম্মান ও নিরাপত্তা কখনোই রাজনীতির মূল্য হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

এলাকার খবর

সম্পর্কিত