ইমরান খানের চিকিৎসা ও কারাবন্দিত্ব নিয়ে উদ্বেগ অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কদের

স্পোর্টস ডেস্ক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের আদিয়ালা কারাগারে বন্দী দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক অধিনায়ক ইমরান খানের স্বাস্থ্য ও কারাবন্দিত্বের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়ক। বিষয়টি নিয়ে তাঁরা অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের কাছে চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে স্বাক্ষর করেছেন অ্যালান বোর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, কিম হিউজ, মার্ক টেলর ও স্টিভ ওয়াহ। তাঁরা স্পষ্ট করেছেন, কোনো কূটনৈতিক বা রাজনৈতিক অবস্থান থেকে নয়, বরং সাবেক অধিনায়ক হিসেবে মানবিক উদ্বেগ থেকেই তাঁরা পেনি ওংকে লিখেছেন।

চিঠিতে বলা হয়েছে, ইমরান খানের বিরুদ্ধে চলমান আইনি বা রাজনৈতিক মামলায় তাঁরা কোনো পক্ষ নিচ্ছেন না। বিষয়টি পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার বলেও উল্লেখ করেছেন তাঁরা। তাঁদের মূল উদ্বেগ হলো কারাগারে একজন বন্দীর সঙ্গে কী ধরনের আচরণ করা হচ্ছে এবং তাঁর মৌলিক মানবিক অধিকার ও কল্যাণ নিশ্চিত হচ্ছে কি না।

চিঠিতে ইমরানের স্বাস্থ্য, চিকিৎসাসেবা, পরিবারের সঙ্গে যোগাযোগ এবং আইনি সহায়তার সুযোগ নিয়ে উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে। তাঁর ছেলে ও বোনেরাও গত কয়েক মাস ধরে এসব বিষয়ে প্রকাশ্যে উদ্বেগ জানিয়ে আসছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এটি ইমরান খানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনের সাবেক অধিনায়কদের সাম্প্রতিক উদ্যোগেরই আরেকটি ধাপ। এর আগে গত ২৩ আগস্ট বিশ্বের বিভিন্ন দেশের ২২ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দেন। সেখানে ৭৩ বছর বয়সী ইমরানের উন্নত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছিল।

ওই চিঠিতে তিনটি নির্দিষ্ট দাবি জানানো হয়। প্রথমত, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী গঠিত মেডিক্যাল বোর্ডকে ইমরানের পূর্ণাঙ্গ ও স্বাধীন স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ দেওয়া। এতে তাঁর ব্যক্তিগত চিকিৎসকদেরও যুক্ত করার কথা বলা হয়। বিশেষ করে তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানানো হয়েছিল।

দ্বিতীয়ত, আদালতের নির্দেশ অনুযায়ী পুনর্বহাল হওয়া সাপ্তাহিক পারিবারিক সাক্ষাতের সুযোগ কোনো প্রশাসনিক জটিলতা বা বিলম্ব ছাড়াই নিশ্চিত করার দাবি জানানো হয়। তৃতীয়ত, স্বাস্থ্য পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চিকিৎসকেরা যে চিকিৎসা সুপারিশ করবেন, তা দ্রুত দেওয়ার আহ্বান জানানো হয়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ১৪ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়কের স্বাক্ষর করা একটি চিঠির পর এবার নতুন করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর পর পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম ও মইন খান ইমরানের চিকিৎসা ও মুক্তির আহ্বান জানান। অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স এবং ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ব্রায়ান লারা ও মাইকেল হোল্ডিংও ইমরানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এদিকে, অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কদের পক্ষে বিষয়টি নিয়ে আলোচনার জন্য গত মাসে পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের সঙ্গে বৈঠকের অনুরোধ করেছিলেন গ্রেগ চ্যাপেল। তবে এখন পর্যন্ত সেই অনুরোধের কোনো জবাব তিনি পাননি বলে জানা গেছে।

ইমরান খান ১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ জেতানোর পর ক্রিকেট থেকে অবসর নিয়ে রাজনীতিতে প্রবেশ করেন। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। ক্ষমতা হারানোর পর দুর্নীতিসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন।

বিষয়:

ইমরান খান
এলাকার খবর

সম্পর্কিত