রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ক্ষমতাসীন বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা না করলেও দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই রাষ্ট্রপতি প্রার্থী করা হচ্ছে বলে দলীয় দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার সকালে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে বিএনপির পক্ষ থেকে প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।
দলের স্থায়ী কমিটির দুই সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা, সাংবিধানিক দায়িত্ব পালনের সক্ষমতা এবং বিতর্কের ঊর্ধ্বে থাকার বিষয়গুলো বিবেচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই রাষ্ট্রপতি পদের জন্য উপযুক্ত মনে করছে বিএনপি।
এদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।
রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের মধ্যে যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি জানান, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়ায় কোনো সংসদ সদস্য দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিতে পারবেন না। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তাঁর সংসদ সদস্য পদ বাতিল হতে পারে।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ হবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নির্বাচনের ‘নির্বাচনী কর্তা’ হিসেবে ভোট পরিচালনা করবেন।
রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদেও প্রস্তুতিমূলক সভা হয়েছে। সভায় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম মণি, বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামসহ সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চিফ হুইপ জানান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও ভারপ্রাপ্ত স্পিকারের ভোট দেওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে। ভোট গ্রহণ শেষ হওয়ার পর গণনা ও ফলাফল ঘোষণার কার্যক্রমও সরাসরি সম্প্রচারের আওতায় থাকবে।
এদিকে ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদ সদস্যদের বৈঠকও ডেকেছে নির্বাচন কমিশন। ওই দিন দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
অন্যদিকে জুলাই জাতীয় সনদে রাষ্ট্রপতি নির্বাচন গোপন ব্যালটে করার কথা থাকলেও বিদ্যমান আইনে ভোট প্রকাশ্যে দেওয়ার বিধান রয়েছে। ফলে বর্তমান আইন অনুযায়ীই এবারের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।