কৃত্রিম বুদ্ধিমত্তাসহ দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণরাই নতুন সভ্যতার প্রধান চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে তরুণদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা দেওয়াকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখতে হবে।
বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘আন্তর্জাতিক যুব দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
‘২০২৬—ডিফরেন্ট কনটেক্সটস, কমন অ্যাসপিরেশনস’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
তথ্যমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার আবির্ভাবসহ প্রযুক্তির অভাবনীয় অগ্রগতি মানবসভ্যতার জন্য যেমন বড় সম্ভাবনা তৈরি করেছে, তেমনি সৃষ্টি করেছে নতুন ধরনের চ্যালেঞ্জ। প্রযুক্তি ও জ্ঞানের পরিবর্তন এত দ্রুত হচ্ছে যে ভবিষ্যতের পরিস্থিতি আগে থেকে অনুমান করাও কঠিন হয়ে পড়েছে।
তিনি বলেন, জ্ঞান এখন আর স্থির কোনো বিষয় নয়; এটি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। নতুন প্রযুক্তিনির্ভর পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা তরুণদের মধ্যে সবচেয়ে বেশি। তাই তরুণদের এই পরিবর্তনের উপযোগী করে গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক উদ্যোগ বাড়াতে হবে।
জহির উদ্দিন স্বপন বলেন, কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের মতো পুরোনো চ্যালেঞ্জের সঙ্গে প্রযুক্তিনির্ভর নতুন সংকটও যুক্ত হচ্ছে। এসব মোকাবিলায় তরুণদের আধুনিক জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করা জরুরি।
তিনি বলেন, তরুণদের নতুন প্রযুক্তি ও জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এখনো বিশ্বব্যাপী পুরোপুরি গড়ে ওঠেনি। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে তরুণদের কেন্দ্র করে জ্ঞান ও দক্ষতা উন্নয়নের কার্যক্রমকে আরও গুরুত্ব দিতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তরুণদের সক্ষমতার ওপর সরকারের আস্থার কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ক্রীড়া, সৃজনশীলতা এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সম্পৃক্ত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি বিদেশি অতিথি, ফরেন সার্ভিস একাডেমির কর্মকর্তারা, তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।