বর্ষীয়ান রাজনীতিবিদ, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। রোববার (১২ জুলাই) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ভোর ৪টার দিকে রাজধানীর শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তাঁর স্মরণে রোববার সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট—উভয় বিভাগের কার্যক্রম দিনের দ্বিতীয়ার্ধে (অর্ধবেলা) বন্ধ রাখা হয়েছে। এছাড়া আপিল বিভাগের চেম্বার কোর্টের কার্যক্রমও আজ বন্ধ থাকবে।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজা তিন ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা ধানমন্ডির তাকওয়া মসজিদে, দ্বিতীয়টি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এবং তৃতীয় জানাজা জাতীয় সংসদ ভবনের সামনে অনুষ্ঠিত হবে। জানাজার নির্ধারিত সময় পরে জানানো হবে।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দীর্ঘ রাজনৈতিক ও আইনজীবী জীবনে জাতীয় সংসদের স্পিকার, অস্থায়ী রাষ্ট্রপতি, মন্ত্রী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক ও আইনাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।