সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতনের আন্দোলন করবে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার এবং শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।

রোববার (১২ জুলাই) সন্ধ্যায় নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী মোড়ে আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশব্যাপী গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপির ঘোষিত মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এ পদযাত্রার আয়োজন করা হয়।

বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশে কাঙ্ক্ষিত সংস্কার কার্যকর না হলে এবং শেখ হাসিনার বিচার সম্পন্ন না হলে এনসিপি রাজনৈতিকভাবে আন্দোলনের মাধ্যমে সরকারকে জবাবদিহির মুখোমুখি করবে।

তিনি বিএনপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, ক্ষমতাসীনদের সংযত আচরণ করা উচিত। একই সঙ্গে তিনি দাবি করেন, এনসিপি একটি শান্তিপূর্ণ ও সভ্য বাংলাদেশ গঠনে বিশ্বাসী হলেও প্রয়োজন হলে রাজনৈতিকভাবে কঠোর অবস্থান নিতে প্রস্তুত।

চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন এনসিপির এই নেতা। তাঁর অভিযোগ, বন্যাকবলিত এলাকায় সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা পর্যাপ্ত ছিল না এবং দায়িত্বশীলদের কার্যকর উপস্থিতি দেখা যায়নি।

প্রতিবেশী ভারতের কিছু রাজনৈতিক গোষ্ঠীর সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে দেশের মানুষ অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থাকবে এবং কোনো ধরনের বিদেশি প্রভাব বা ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।

এনসিপির জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এস এম সাইফ মোস্তাফিজ, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত