রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সাইফুল হকের সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদ সদস্য বহ্নিশিখা জামালী উপস্থিত ছিলেন।
দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাদের ধন্যবাদ জানান। তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণতান্ত্রিক উত্তরণে দলটির নেতা-কর্মীসহ দেশের জনগণের ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সাক্ষাৎকালে সাইফুল হক বিপুল সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হয়ে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান।
তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের দায়িত্ব গ্রহণ দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাষ্ট্রের প্রধান অভিভাবক হিসেবে তিনি প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বহুত্ববাদী ধারায় দেশকে এগিয়ে নিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন সাইফুল হক।