‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী
সংসদীয় কার্যক্রম বাদ দিয়ে সরকারের ছয় মাসের মাথায় ‘লং মার্চ’ কর্মসূচির মাধ্যমে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী অভিযোগ করেন, বিরোধী দলের লং মার্চ কর্মসূচিতে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ব্যক্তিগত আক্রমণ ও আপত্তিকর ভাষা ব্যবহার করা হচ্ছে। এসব কর্মকাণ্ডকে তিনি অপরাধমূলক উল্লেখ করে বলেন, আইনি ব্যবস্থা নেওয়া হলে সেটিকে বিরোধী দল দমন-পীড়ন হিসেবে উপস্থাপন করছে।
জ্বালানি সংকট নিয়ে বিরোধী দলের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, তারা সংকট নিয়ে শুধু সমালোচনা করছে, কিন্তু তা সমাধানে সংসদের ভেতরে কোনো গঠনমূলক প্রস্তাব দিচ্ছে না। বরং সংসদের বাইরে আন্দোলন ও ষড়যন্ত্রের পথ বেছে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
দেশের অর্থনীতির বিভিন্ন ইতিবাচক দিক, বিশেষ করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির বিষয়গুলো বিরোধীরা জনগণের সামনে তুলে ধরছে না বলেও দাবি করেন রিজভী।
তিনি বলেন, সরকার ব্যর্থ হয়েছে—এমন দাবি করে বিরোধীরা রাজপথে আন্দোলন করলেও সাধারণ মানুষ তাদের এই ভূমিকা ভালোভাবে দেখছে না। দায়িত্বশীল বিরোধী দলের মতো সংসদে দাবি ও প্রস্তাব উপস্থাপন না করে রাজপথে কর্মসূচি দেওয়াকে তিনি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা হিসেবে উল্লেখ করেন।
বিএনপির পাঁচ দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে দাবি করে রিজভী দলের নেতাকর্মীদের প্রতি পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি শ্রদ্ধা রেখে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টানানো সব বিলবোর্ড ও ব্যানার দ্রুত খুলে ফেলার নির্দেশ দেন তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, মাহমুদুর রহমান সুমন, আসাদুল করিম শাহীন, তারিকুল ইসলাম তেনজিং ও ডা. জাহিদুল কবিরসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।