ককটেলসহ মিছিলের ঘটনায় গুলশানে ৩২ জন গ্রেপ্তার

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে এখন পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এ ঘটনায় শুক্রবারই ১১৮ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় আরও ৮০ থেকে ১০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পুলিশের দাবি, আসামিদের মধ্যে অনেকে ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন কার্যক্রমে সরাসরি জড়িত ছিলেন।

এর আগে শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান-৩ নম্বর সড়কের কেএফসি গলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা করেন। এ সময় ককটেলসহ মো. আরাফাত (২০) ও আ. রহিম (৪৯) নামে দুজনকে আটক করে পুলিশ।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, প্রায় ১৫০ থেকে ২০০ জন ওই এলাকায় জড়ো হয়ে মিছিলের চেষ্টা করেন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করার উদ্যোগ নিলে নিকেতন এলাকায় দায়িত্ব পালনরত এক উপপরিদর্শক দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা ঘটনাস্থলে পাঁচটি তাজা ককটেল ফেলে পালিয়ে যান বলে জানান ওসি। পরে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়।

ওসি আরও জানান, মিছিলটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী হয়েছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে গুলশান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এলাকার খবর

সম্পর্কিত