দেশীয় উদ্ভাবন সরাসরি বাজারের সঙ্গে যুক্ত করার তাগিদ প্রধানমন্ত্রীর

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
শনিবার নভোথিয়েটারে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ এ প্রধানমন্ত্রী তারেক রহমান ছবি: পিএমও
শনিবার নভোথিয়েটারে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ এ প্রধানমন্ত্রী তারেক রহমান ছবি: পিএমও

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরি পর্যায় থেকে বাণিজ্যিক উৎপাদনে নিয়ে যাওয়ার পাশাপাশি সরাসরি বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সরকার সর্বোচ্চ পর্যায় থেকে প্রয়োজনীয় সব উদ্যোগ ও প্রচেষ্টা চালাবে। এ ক্ষেত্রে উদ্ভাবক, উদ্ভাবনী প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

তিনি বলেন, সবাইকে সম্মিলিতভাবে এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে কাজ করতে হবে, যেখানে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন ও ভবিষ্যৎ বাস্তবায়ন করা সম্ভব হবে।

তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬-এর মূল প্রতিপাদ্য ‘ইনোভেট টু মার্কেট’। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এ মেলায় দেশীয় উদ্ভাবক ও উদ্ভাবনী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিক্ষাপ্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের মধ্যে টেকসই অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিচ্ছেন।

প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন ও সম্ভাবনাময় উদ্ভাবন মেলায় প্রদর্শন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বক্তব্য দেন।

মেলায় কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড, পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর এবং ফরেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। কারিগরি অংশীদার হিসেবে রয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

মেলার দ্বিতীয় দিন রোববার স্বাস্থ্য খাত নিয়ে ‘সবার জন্য স্বাস্থ্য উদ্ভাবন: সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের।

এলাকার খবর

সম্পর্কিত