জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি ওই বক্তব্যকে ‘অযাচিত’ উল্লেখ করে তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাকিব লেখেন, “প্রিয় নিলোফার চৌধুরী মনি আপা, আপনি দীর্ঘদিন ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের একজন সাহসী সহযাত্রী। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।”
তিনি আরও বলেন, নিলোফার চৌধুরী মনি জুলাইয়ের চেতনা ধারণকারী একজন দেশপ্রেমিক রাজনীতিক। তাই গণঅভ্যুত্থান নিয়ে ভবিষ্যতে আরও সংযত ও শ্রদ্ধাশীল বক্তব্য প্রত্যাশা করেন তিনি।
সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে নিলোফার চৌধুরী মনি জুলাই আন্দোলনে স্নাইপার ব্যবহারের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, আন্দোলনের সময় নীরব গুলিতে অনেক মানুষ নিহত হয়েছেন, কিন্তু সেই গুলি কারা চালিয়েছিল, তা নিয়ে এখনও অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।
আলোচনায় তিনি আরও দাবি করেন, আন্দোলনে কারা মূল ভূমিকা পালন করেছিলেন, তা স্পষ্ট নয় এবং অনেক ঘটনায় নিহতরা কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন, সেটিও প্রত্যক্ষ অংশগ্রহণকারীরা বুঝতে পারেননি।
অনুষ্ঠানের সঞ্চালক এটি কোনো পরিকল্পিত ঘটনা বা ষড়যন্ত্র ছিল কি না জানতে চাইলে নিলোফার চৌধুরী মনি বলেন, ঘটনাগুলোর পেছনে একটি পরিকল্পনা ছিল বলে তাঁর ধারণা, তবে এটিকে ষড়যন্ত্র বলা যাবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
তার এই মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রকাশ্যে ওই বক্তব্যের বিরোধিতা করে নিজের অবস্থান তুলে ধরেন।