আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ভোটগ্রহণ শেষে যত দ্রুত সম্ভব সময়ের মধ্যে ভোটের ফল প্রকাশ করা হবে।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
শুক্রবার সকালেই মিলবে ফল ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “আমরা যত দ্রুত সম্ভব ভোটের ফল প্রকাশ করার চেষ্টা করব। আশা করছি, ভোটের পরদিন অর্থাৎ শুক্রবার সকালের মধ্যেই বেশির ভাগ আসনের ফল ঘোষণা হয়ে যাবে।”
স্বচ্ছতা ও প্রবাসী ভোট নির্বাচনের স্বচ্ছতা প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, “ভোটের সার্বিক বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিক এবং পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে অবাধ প্রবেশের সুযোগ রাখছে ইসি।”
প্রবাসীদের ভোট পদ্ধতি সম্পর্কে তিনি উল্লেখ করেন, “পোস্টাল ব্যালট পদ্ধতি কমিশনের জন্য একটি নতুন অভিজ্ঞতা হিসেবে কাজ করছে। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী প্রবাসী ভোট নিয়ে কমিশন কাজ করে যাচ্ছে।”
সিইসির কঠোর বার্তা এর আগে ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেন, “নির্বাচন কমিশন একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করছে। নির্বাচনে কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা হবে। ১৩তম জাতীয় নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষে কমিশন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।”