কৃষির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের পোল্ট্রি খাতের পরিকল্পিত ও টেকসই উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। একই সঙ্গে প্রান্তিক খামারিদের মুরগি ও ডিমের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ডিম ও মুরগির মাংসের দাম রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পোল্ট্রি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি পণ্যের মানও নিশ্চিত করতে হবে। খামারিরা যাতে উৎপাদিত ডিম ও মুরগির ন্যায্যমূল্য পান এবং সাধারণ মানুষ যাতে সাশ্রয়ী দামে মানসম্মত ডিম ও মাংস কিনতে পারেন, সেই ভারসাম্য বজায় রেখে কাজ করতে হবে।
তিনি বলেন, ডিম ও মুরগির মাংসের উৎপাদন বাড়ানো গেলে বাজারে সরবরাহ বাড়বে। এতে পণ্যের দামও যৌক্তিক পর্যায়ে রাখা সম্ভব হবে। এ জন্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বাজার ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার ওপর জোর দেন তিনি।
পোল্ট্রি খাতে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ডিম, মাংস ও পোল্ট্রি ফিডের মান নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করতে হবে। নিরাপদ ও মানসম্মত খাদ্য সরবরাহের বিষয়টি এ খাতের উন্নয়নের সঙ্গে সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কৃষির সঙ্গে সমন্বয় রেখে পোল্ট্রি খাতের পরিকল্পিত ও টেকসই উন্নয়ন প্রয়োজন। নতুন উদ্যোক্তা তৈরিতে সরকার সহযোগিতা করবে। বিশেষ করে প্রান্তিক খামারিদের উৎপাদন কার্যক্রম ধরে রাখতে ঋণসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে মন্ত্রণালয় উদ্যোগ নেবে।
পোল্ট্রি খাতের প্রকৃত সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করতে মাঠপর্যায়ের খামারিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের ওপরও গুরুত্ব দেন তিনি। খামারিদের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।
এ লক্ষ্যে গাজীপুর, ধামরাই, মানিকগঞ্জ ও টাঙ্গাইলের প্রান্তিক খামারিদের সঙ্গে পর্যায়ক্রমে মতবিনিময় সভা আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, পোল্ট্রি শিল্পের উদ্যোক্তা, খামারি ও ব্যবসায়ীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ এবং নিরাপদ ও মানসম্মত আমিষের জোগান নিশ্চিত করতে এ খাতের উন্নয়নে সরকার প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক সহযোগিতা অব্যাহত রাখবে।
সভায় সভাপতিত্ব করেন ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের সভাপতি মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।