স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা, রোহিঙ্গা সংকট, অবৈধ অভিবাসন প্রতিরোধ, অভিবাসন-সংক্রান্ত সংগঠিত অপরাধ দমন এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। তিনি যুক্তরাজ্যকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ও ঘনিষ্ঠ মিত্র হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।
বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানান, আগামী ৭ ও ৮ জুলাই লন্ডনে দ্বিতীয় বাংলাদেশ-যুক্তরাজ্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আশা করেন, এই বৈঠক দুই দেশের সহযোগিতা আরও গভীর করতে সহায়ক হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী ২০২৪ সালে স্বাক্ষরিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিয়মতান্ত্রিক প্রত্যাবাসনে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। এছাড়া যুক্তরাজ্যের পক্ষ থেকে পাঠানো ‘ইউকে লেটার’-সংক্রান্ত প্রস্তাব ইতিবাচকভাবে পর্যালোচনা করা হচ্ছে বলে জানান।
আলোচনায় মানবপাচার ও অভিবাসন-সংক্রান্ত অপরাধ প্রতিরোধ, পুলিশ রেফারেল প্রোগ্রাম বাস্তবায়ন, বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ শনাক্তকরণ এবং তা পুনরুদ্ধারে যুক্তরাজ্যের সহযোগিতার বিষয়ও গুরুত্ব পায়।
এ সময় রোহিঙ্গা সংকটে মানবিক সহায়তা প্রদানের জন্য যুক্তরাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।