বেনাপোল দিয়ে কলকাতায় পাঠানো হলো বাংলাদেশের ৫০০ কেজি উপহারের আম

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের পশ্চিমবঙ্গে ৫০০ কেজি আম পাঠানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমের চালানটি ভারতে পাঠানো হয়। পরে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রতিনিধির কাছে আনুষ্ঠানিকভাবে এসব আম হস্তান্তর করা হয়।

জানা গেছে, ১০০টি কার্টনে ৫ কেজি করে মোট ৫০০ কেজি আম পাঠানো হয়েছে। উপহারের এই চালানে বাংলাদেশের জনপ্রিয় আম্রপালি ও হাঁড়িভাঙা জাতের আম রয়েছে।

বেনাপোল সূত্রে জানা গেছে, পাঠানো আমের মধ্যে ১০০ কেজি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য বরাদ্দ রাখা হয়েছে। বাকি ৪০০ কেজি আম পশ্চিমবঙ্গের বিশিষ্ট ব্যক্তি, কূটনীতিক এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে শুভেচ্ছা উপহার হিসেবে বিতরণ করা হবে।

বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপপরিচালক মো. আবু তালহা জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ১০০টি কার্টনে ৫০০ কেজি আম কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় চিঠিও দেওয়া হয়েছে। ওই চিঠিতে উল্লেখ রয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও বুদ্ধিজীবীদের কাছে এসব আম পৌঁছে দেওয়া হবে।

উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কর্মকর্তারা জানান, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও উন্নতমানের আম্রপালি ও হাঁড়িভাঙা জাতের আম শুভেচ্ছা উপহার হিসেবে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই ‘ম্যাঙ্গো ডিপ্লোমেসি’ বাংলাদেশ ও ভারতের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত