বাংলাদেশ-চীন গণমাধ্যম সহযোগিতায় চার সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: পিআইডি
ছবি: পিআইডি

গণমাধ্যম খাতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ও চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সংবাদ ও তথ্য বিনিময়, প্রযুক্তিগত সহযোগিতা এবং গবেষণা কার্যক্রম জোরদারে এসব চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন চুক্তিগুলোতে স্বাক্ষর করেন। অন্যদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি এবং চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) ঊর্ধ্বতন কর্মকর্তারা চীনের পক্ষে স্বাক্ষর করেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এসব সমঝোতার আওতায় দুই দেশের মধ্যে সংবাদ ও তথ্য আদান-প্রদান বৃদ্ধি, গণমাধ্যম খাতে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলা, গ্লোবাল সাউথভুক্ত দেশের গণমাধ্যম নিয়ে যৌথ গবেষণা পরিচালনা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সংক্রান্ত সহযোগিতা জোরদার হবে।

এছাড়া সম্প্রচার খাতে কারিগরি সহায়তা, প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রেও নতুন সুযোগ সৃষ্টি হবে বলে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাংলাদেশ ও চীনের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করবে।

প্রধানমন্ত্রীর চীন সফরকে কেন্দ্র করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গত ২৩ জুন ঢাকা ত্যাগ করেন। সফর শেষে ২৬ জুন রাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত