পাঁচ দিন পর চালু হলো চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রেলপথ ক্ষতিগ্রস্ত হওয়ায় টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল।

রোববার (১২ জুলাই) বেলা ১টা ৩৫ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশন থেকে ঢাকা থেকে আসা পর্যটক এক্সপ্রেস কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়। এর মাধ্যমে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে দুপুরে ষোলশহর রেলস্টেশন পরিদর্শন করেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন। এ সময় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মো. সুবক্তগীন বলেন, টানা ভারী বৃষ্টিতে রেললাইনের বিভিন্ন অংশ পানির নিচে চলে যায়। সরকারের নির্দেশনায় জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত অংশে পাথর ফেলে রেলপথ প্রায় এক ফুট উঁচু করা হয়েছে। শনিবার দিন-রাত কাজ শেষে রেললাইন ট্রেন চলাচলের উপযোগী করা হয়।

রেলওয়ের পূর্বাঞ্চল জোনের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) ফারহান মাহমুদ জানান, কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস নির্ধারিত সময়েই ছেড়ে গেছে। এছাড়া জানালিহাট স্টেশনে আটকে থাকা প্রবাল এক্সপ্রেস ট্রেনও চট্টগ্রাম রেলস্টেশনে ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে রেললাইন নিরাপদ এবং ট্রেন চলাচলের উপযোগী রয়েছে।

গত ৪ জুলাই থেকে শুরু হওয়া টানা ভারী বর্ষণের কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। মঙ্গলবার সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসেরপাড়া পর্যন্ত রেললাইন দেড় থেকে দুই ফুট পানির নিচে তলিয়ে যাওয়ায় কক্সবাজারের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রেল যোগাযোগ বন্ধ থাকায় ঢাকা ও চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল করতে হয় এবং হাজারো যাত্রী দুর্ভোগে পড়েন।

উল্লেখ্য, চট্টগ্রাম–কক্সবাজার রুটে প্রতিদিন চার জোড়া ট্রেন চলাচল করে। এর মধ্যে দুই জোড়া ট্রেন চট্টগ্রাম থেকে এবং দুই জোড়া ট্রেন ঢাকা থেকে চলাচল করে। প্রতিদিন এই রুটে প্রায় ৮ থেকে ৯ হাজার যাত্রী যাতায়াত করেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত