ঢাকা–চট্টগ্রামে টানা বৃষ্টি, আরও কত দিন?

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে সকাল থেকেই বৃষ্টির কারণে জলাবদ্ধতা, যানজট ও গণপরিবহন সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

রাজধানীর ফকিরাপুল, মতিঝিল, পল্টন, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যান চলাচল ব্যাহত হয়। কোথাও কোথাও যানবাহন বিকল হয়ে পড়ায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ছাতা হাতে ঘণ্টার পর ঘণ্টা গণপরিবহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে যাত্রীদের। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও চরম দুর্ভোগে পড়েন।

অন্যদিকে, চট্টগ্রামে প্রায় এক সপ্তাহ ধরে চলমান ভারী বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা অব্যাহত রয়েছে। কাতালগঞ্জসহ বেশ কয়েকটি এলাকায় হাঁটুপানি জমে মানুষের চলাচল ব্যাহত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকায় ২৮ মিলিমিটার এবং চট্টগ্রামে ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত চট্টগ্রামে ১২৯ মিলিমিটার এবং একই সময়ে ঢাকায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন, রোববার দিনভর ঢাকা ও চট্টগ্রামে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে সোমবার থেকে চট্টগ্রামে বৃষ্টির প্রবণতা কমতে পারে। ঢাকায় সোমবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও রাতের দিকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত সপ্তাহে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত শুরু হয়। পরে সক্রিয় মৌসুমি বায়ুর কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যায়।

আবহাওয়াবিদরা নাগরিকদের প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়া, জলাবদ্ধ এলাকায় সতর্কভাবে চলাচল করা এবং স্থানীয় আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস অনুসরণ করার পরামর্শ দিয়েছেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত