জাতীয় সংসদ নির্বাচনসহ দেশের সব ধরনের নির্বাচনে সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যমকর্মীদের অনলাইনে কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য নির্বাচনসংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)সহ বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে একটি সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে। এরপর ওই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বৈঠকে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী বলেন, নির্বাচনের গ্রহণযোগ্যতা অনেকাংশে স্বাধীন সাংবাদিকতার ওপর নির্ভরশীল। অতীতে অনেক অপেশাদার ব্যক্তি ও দলীয় নেতাকর্মী সাংবাদিকের কার্ড নিয়েছেন। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করা প্রয়োজন।
তিনি বলেন, নির্বাচন কমিশনের নতুন উদ্যোগে পেশাদার সাংবাদিকরা যাতে যথাযথভাবে কার্ড পাওয়ার সুযোগ পান, সে বিষয়ে অংশীজনদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
ইসি সূত্র জানায়, নির্বাচনের সংবাদ সংগ্রহে সাংবাদিকদের কার্ড দেওয়ার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যেই এবার সফটওয়্যার তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে গণমাধ্যমের বিভিন্ন সংগঠন ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত বিবেচনায় নেওয়া হবে।
এর আগে গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে কোনো ধরনের ট্রায়াল ছাড়াই অনলাইনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইসি। এ জন্য দ্রুত একটি ওয়েবসাইট তৈরি করা হলেও সেখানে আবেদন করার পর প্রায় ১৪ হাজার সাংবাদিকের তথ্য উন্মুক্ত হয়ে পড়ে।
এ ঘটনায় গণমাধ্যমের আপত্তি ও দেশব্যাপী সমালোচনার মুখে অনলাইনে কার্ড দেওয়ার প্রক্রিয়া থেকে সরে আসে কমিশন। এবার সেই অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে নিরাপদ ও কার্যকর সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইসি সচিব আখতার আহমেদের সভাপতিত্বে অংশীজনদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী জেসিন, ইসির অতিরিক্ত সচিব সামসুল আলম, আরএফইডির সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল ও সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।