চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এসব অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।
শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসীদের হামলায় আহত হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে যান স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)সহ দেশের সব মহানগর এলাকায় চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের তালিকা ও পরিচয় শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। তবে অভিযান দ্রুত পরিচালনা করে অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক কারবারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে।