ক্ষুদ্র উদ্যোগে ঋণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ সরকারের

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: BSS
ছবি: BSS

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসংস্থান ব্যাংক আয়োজিত ক্ষুদ্র ব্যবসা, ক্ষুদ্রঋণ এবং ক্ষুদ্র উদ্যোগ তহবিল প্রকল্পের উদ্বোধন ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ৫০ কোটি টাকার এ প্রকল্পটি একটি পাইলট উদ্যোগ। যারা ব্যাংকে যেতে ভয় পান, তাদের ঋণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই কর্মসংস্থান ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল। নতুন প্রকল্পের আওতায় দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও জানান তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার সৃজনশীল অর্থনীতি নিয়ে নতুন উদ্যোগ নিয়েছে। প্রান্তিক পর্যায়ের সৃজনশীল মানুষদের শুধু ঋণ দেওয়া হচ্ছে না, তাদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি পণ্যের ব্র্যান্ডিং ও মার্কেটিংয়েও সহায়তা করা হচ্ছে।

কর্মসংস্থান ব্যাংককেও এ ধরনের কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, গানসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও অর্থনীতির মূল স্রোতে আনা সম্ভব। তাদের সৃজনশীলতাকে মূল্য সংযোজনের মাধ্যমে বাজারজাতযোগ্য করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করার উদ্যোগ নিতে চায় সরকার।

তিনি বলেন, সৃজনশীল অর্থনীতিতে সরকারের মনোযোগ ও সহায়তা বাড়ানো গেলে এর ইতিবাচক প্রভাব অর্থনীতিতে পড়বে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

কর্মসংস্থান ব্যাংকের খেলাপি ঋণ বা এনপিএল কমানোর ওপরও গুরুত্ব দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ব্যাংকটির খেলাপি ঋণের হার ৪ শতাংশ থেকে ১ বা ২ শতাংশে নামিয়ে আনতে পারলে ভালো হবে। একই সঙ্গে ব্যাংকটি ভালো করছে এবং মুনাফাও করছে বলে উল্লেখ করেন তিনি।

এলাকার খবর

সম্পর্কিত