যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় গুলিতে নিহত বাংলাদেশি ডোরড্যাশ কর্মী

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ মাহফুজুল হক (৪৩) নামে এক বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি নিহত হয়েছেন। তিনি জনপ্রিয় খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ডোরড্যাশ–এর ডেলিভারি কর্মী হিসেবে কাজ করতেন।

স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ফিলাডেলফিয়ার কিংসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটের ১০০০ ব্লকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মাহফুজুল হককে মাথার পেছনে গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রধান পরিদর্শক স্কট স্মল জানান, ঘটনাস্থলে ইঞ্জিন চালু অবস্থায় মাহফুজুলের গাড়ি পাওয়া যায়। গাড়ির ভেতরে ডোরড্যাশের একটি বড় ডেলিভারি ব্যাগও ছিল। ঘটনাস্থল থেকে রাইফেলের দুটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়েছে।

তদন্তকারীদের মতে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। এ ঘটনায় কালো পোশাক ও মুখোশ পরা তিনজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের পরিচয় বা ছবি এখনো প্রকাশ করা হয়নি।

পুলিশ আরও জানিয়েছে, মাহফুজুল যে ঠিকানায় খাবার পৌঁছে দিতে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছিল, সেখানে গিয়ে জানা যায়, ওই বাসার কেউ ডোরড্যাশে কোনো খাবারের অর্ডার দেননি।

ঘটনাস্থল থেকে প্রায় এক ব্লক দূরে খাবারভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। তবে সেটির সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় এক বিবৃতিতে ডোরড্যাশ কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে এবং দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনতে কোম্পানি প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে।

ফিলাডেলফিয়া পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে। একই সঙ্গে এ বিষয়ে কোনো তথ্য জানা থাকলে পুলিশকে জানাতে স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত