ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গড়ে তোলা অনুমোদনহীন ছোট বসতি বা আউটপোস্ট ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি রোববার এ তথ্য জানিয়েছেন। ফিলিস্তিনিদের ওপর ইহুদি বসতি স্থাপনকারীদের হামলা বন্ধে কঠোর পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেই নেতানিয়াহু এ নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েল সরকারের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীরা যেসব ছোট বসতি গড়ে তুলেছেন, নেতানিয়াহুর নির্দেশ মূলত সেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। এসব বসতিতে সাধারণত আগে থেকে তৈরি ছোট ঘর বা আবাসিক ইউনিট থাকে এবং সেখানে অল্পসংখ্যক বসতি স্থাপনকারী বসবাস করেন।
ইসরায়েল সরকার বিভিন্ন সময়ে এমন স্থাপনা ভেঙে দিয়েছে। আবার কিছু আউটপোস্টকে পরবর্তী সময়ে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ায় সেগুলো সরকারি অর্থায়ন পাওয়ার সুযোগও পেয়েছে।
তবে এসব ছোট বসতি ভাঙার কাজ কবে শুরু হবে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইসরায়েলের একটি সংবাদমাধ্যম আগে জানিয়েছিল, নেতানিয়াহুর নির্দেশটি অধিকৃত ভূখণ্ডের প্রায় ১০০টি ছোট বসতির ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে।
এদিকে পশ্চিম তীরের জালুদ গ্রামের তিন ফিলিস্তিনি পরিবারকে নিরাপদে নিজেদের বাড়িতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে ইসরায়েলের প্রতিরক্ষা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ওই তিন পরিবারকে তাদের বাড়ি থেকে উচ্ছেদ করার পর আদালত এ নির্দেশ দেন।
জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বিশ্বের অধিকাংশ দেশের সরকার মনে করে, আন্তর্জাতিক আইনের আওতায় পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলো অবৈধ। তাদের মতে, পশ্চিম তীর ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণে থাকা একটি অধিকৃত ভূখণ্ড। তবে ইসরায়েলের দাবি, পশ্চিম তীর অধিকৃত নয়, বরং এটি একটি বিরোধপূর্ণ ভূখণ্ড।