ইরানে ১৪০টি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
| ফটো কার্ড
 ছবি: Reuters
ছবি: Reuters

হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে ইরানের অন্তত ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। শনিবার (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সেন্টকমের দাবি, হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র নতুন এই সামরিক অভিযান শুরু করে। এটি এক সপ্তাহের মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার হামলা।

বিবৃতিতে বলা হয়, স্থল, নৌ ও আকাশপথ থেকে পরিচালিত সমন্বিত অভিযানে যুদ্ধবিমান, ড্রোন, নৌযান এবং নির্ভুলভাবে লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে প্রায় ১৪০টি সামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে।

মার্কিন বাহিনীর দাবি অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল—

  • ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র,
  • নৌ-সামরিক স্থাপনা,
  • গোলাবারুদের গুদাম,
  • সামরিক যোগাযোগ নেটওয়ার্ক,
  • উপকূলীয় নজরদারি কেন্দ্র।

অন্যদিকে, ইরান হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে। তেহরানের দাবি, একটি বাণিজ্যিক জাহাজ অনুমোদনহীন রুট ব্যবহার করছিল। তাই সেটিতে হামলা চালিয়ে জাহাজটি থামিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়া হলে কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

পরে আইআরজিসি দাবি করে, তারা হরমুজ প্রণালিতে আরও একটি জাহাজে হামলা চালিয়ে সেটিকে অচল করে দিয়েছে।

এদিকে, মার্কিন হামলার প্রতিক্রিয়ায় আইআরজিসি দাবি করেছে, তারা জর্ডান, কাতার ও ওমানসহ উপসাগরীয় অঞ্চলে অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের জ্বালানি পরিবহন হওয়ায় এ অঞ্চলের পরিস্থিতি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত