আধুনিক কাতারের স্থপতি সাবেক আমির শেখ হামাদ আর নেই

আন্তর্জাতিক ডেস্ক
| ফটো কার্ড
 ছবি: Reuters
ছবি: Reuters

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১২ জুলাই) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

কাতারের আমিরের কার্যালয় এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, শেখ হামাদের মৃত্যুতে কাতার একটি অসামান্য রাষ্ট্রনায়ককে হারিয়েছে এবং জাতি এক অপূরণীয় ক্ষতির মুখোমুখি হয়েছে।

১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন শেখ হামাদ বিন খলিফা আল থানি। তাঁর নেতৃত্বেই জ্বালানিসমৃদ্ধ দেশটি দ্রুত অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে বিশ্বমঞ্চে শক্তিশালী অবস্থান তৈরি করে। এ কারণেই তাঁকে ‘আধুনিক কাতারের স্থপতি’ হিসেবে বিবেচনা করা হয়।

তাঁর শাসনামলে কাতারের অর্থনীতি দ্রুত সম্প্রসারিত হয় এবং দেশটি বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হয়। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, কূটনীতি ও আন্তর্জাতিক বিনিয়োগে কাতার উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে।

শেখ হামাদের সময়েই কাতার বৈশ্বিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে এবং উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ায় দেশটির রাজনৈতিক প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

২০২২ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে কাতার আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় পৌঁছে। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হামাদের উপস্থিতি দর্শকদের ব্যাপক করতালি কুড়িয়েছিল।

২০১৩ সালে স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করে তিনি তাঁর ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেন। সে সময় শেখ তামিমের বয়স ছিল মাত্র ৩৩ বছর। এরপর থেকেই তিনি কাতারের বর্তমান আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

শেখ হামাদের মৃত্যুতে কাতারসহ আন্তর্জাতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত