দীর্ঘদিন ধরে অভিনয় ও জনসম্মুখ থেকে দূরে রয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা রিয়াজ। এর মধ্যেই তার যুক্তরাষ্ট্রে যাওয়ার খবর নতুন করে আলোচনায় এসেছে। তবে তিনি সত্যিই দেশ ছেড়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
একটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত বুধবার (১৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের উদ্দেশে গোপনে বাংলাদেশ ছেড়েছেন রিয়াজ। তবে অভিনেতা নিজে কিংবা তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিবেদনটিতে চলচ্চিত্রসংশ্লিষ্টদের বরাত দিয়ে বলা হয়েছে, ১৬ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়েন রিয়াজ। তবে বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, এ ধরনের কোনো ঘটনা তাদের নজরে আসেনি। তিনি অন্য কোনো পথেও দেশ ছেড়ে থাকতে পারেন বলে ওই সূত্রের ধারণা।
এর আগে ২০২৪ সালের ৬ আগস্ট রাতে যুক্তরাষ্ট্র যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে গিয়েছিলেন রিয়াজ। এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল তার। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে তখন বলা হয়েছিল, তাকে বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেওয়া হয়।
এরপর থেকে প্রকাশ্য অনুষ্ঠানে কিংবা এফডিসিতে খুব একটা দেখা যায়নি এই অভিনেতাকে। তার ব্যক্তিগত মোবাইল নম্বরও বন্ধ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারাও তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি।
চলতি মাসের ৩ সেপ্টেম্বরও রিয়াজকে নিয়ে আলোচনা হয়। সেদিন বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট দুটি হত্যা মামলায় আগাম জামিনের জন্য হাইকোর্টে সশরীরে হাজির হয়েছিলেন তিনি। তবে শুনানি শেষে আদালত তার আবেদন মঞ্জুর করেননি।
রিয়াজের দীর্ঘ অনুপস্থিতিকে কেন্দ্র করে এর আগেও বিভিন্ন ধরনের গুঞ্জন ছড়িয়েছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবরও ছড়িয়ে পড়েছিল। পরে তার স্ত্রী বিষয়টি ভিত্তিহীন বলে জানান এবং রিয়াজ ভালো আছেন বলে উল্লেখ করেন।
তবে বর্তমানে তিনি কোথায় আছেন, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ফলে তার যুক্তরাষ্ট্রে যাওয়ার নতুন খবরটিও আপাতত অনিশ্চিতই রয়ে গেছে।