দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া নতুন দরে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে রুপার দামও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে খাঁটি সোনার দাম বৃদ্ধির কারণে দেশের বাজারেও সোনার মূল্য সমন্বয় করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ২১ ক্যারেট সোনার দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে ভরিপ্রতি ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
এর আগে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল প্রায় ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
এদিকে রুপার দামও বেড়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৭৮২ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই মূল্য কার্যকর থাকবে। তবে অলংকারের নকশা অনুযায়ী মজুরি আলাদাভাবে যোগ হবে।
এ ছাড়া ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সোনার গয়নার ওপর ভ্যাট কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মে প্রতি ভরি সোনার গয়নার ওপর নির্ধারিত ভ্যাট ২ হাজার ৫০০ টাকা, যেখানে আগে মোট মূল্যের ওপর ৫ শতাংশ হারে ভ্যাট আদায় করা হতো। বাজুস জানিয়েছে, সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার ক্রয়-বিক্রয় ও বিনিময়ের বিদ্যমান নিয়ম বহাল থাকবে। অন্যদিকে, রুপার অলংকারের ভ্যাট বিষয়ে পরে পৃথক সিদ্ধান্ত জানানো হবে।