রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসাসেবায় অনিয়ম ও অবহেলার অভিযোগের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ডেঙ্গু ওয়ার্ডও পরিদর্শন করেন।
পরিদর্শনকালে রোগীদের কাছ থেকে অভিযোগ পেয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের সব ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসাসেবায় কোনো ধরনের অনিয়ম ও অবহেলা মেনে নেওয়া হবে না। তিনি বলেন, ‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।’
হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে পরীক্ষা করাতে হচ্ছে—এমন অভিযোগ পান স্বাস্থ্যমন্ত্রী। এতে রোগীদের অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকার রোগীদের চিকিৎসার জন্য অর্থ বরাদ্দ দিচ্ছে এবং হাসপাতালেই প্রয়োজনীয় পরীক্ষা করার সুযোগ রয়েছে।
সাখাওয়াত হোসেন বলেন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণের জন্য প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রয়েছে। পরিদর্শনের সময় রোগীদের কাগজপত্র দেখা এবং তাঁদের সঙ্গে কথা বলার মাধ্যমে তিনি জানতে পারেন, অনেক রোগীকে বাইরে থেকে পরীক্ষা করাতে হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার ক্ষেত্রে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং হাসপাতালটিকে প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হয়েছে। এরপরও রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সম্প্রতি হাসপাতালের সেবার মান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সেবাপ্রত্যাশীদের মধ্যে ক্ষোভের বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর নজরে আসে। এর পরিপ্রেক্ষিতেই তিনি সরেজমিনে পরিস্থিতি দেখতে হাসপাতাল পরিদর্শনে যান।
পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রীর কাছে রোগীরা তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। একই সঙ্গে হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।