বরিশাল বিভাগীয় ডেস্ক:
বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ময়দানের হাট সংলগ্ন নদী থেকে অজ্ঞাতপরিচয় এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, শিশুটির বয়স আনুমানিক ২ থেকে ৩ বছর।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ময়দানের হাট এলাকার রাস্তার শেষ প্রান্তে নদীর তীরে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা প্রশাসনকে খবর দেন। পরে প্রশাসনের উপস্থিতিতে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বেশ কিছুক্ষণ ধরে শিশুটির মরদেহ নদীর কিনারায় ভাসমান অবস্থায় আটকে ছিল। তবে উদ্ধারের সময় পর্যন্ত শিশুটির নাম-পরিচয় বা স্বজনদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
শিশুটির মরদেহ কোথা থেকে ভেসে এসেছে, কিংবা এটি কোনো দুর্ঘটনার ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
শিশুটির পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।