ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এর জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একই শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজেও প্রকাশ করা হয়।
শুভেচ্ছা বার্তায় তারেক রহমান নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। আপনার এই বিশেষ দিনটি বারবার ফিরে আসুক। ভারতের জনগণের প্রতি আপনার নিবেদিত সেবা সর্বদা সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল সমৃদ্ধ হোক—এই কামনা করি।’
তারেক রহমানের পোস্টের প্রায় আধা ঘণ্টা পর এক্সে এর জবাব দেন নরেন্দ্র মোদি। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পোস্ট শেয়ার করে লেখেন, ‘আপনার আন্তরিক শুভকামনার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার সদয় কথাগুলোকে আমি গভীরভাবে মূল্যায়ন করছি।’
এদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজে নরেন্দ্র মোদির ছবি-সংবলিত একটি কার্ড প্রকাশ করেও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। ভারতের হাইকমিশনও এ শুভেচ্ছা বিনিময়ের বিষয়টি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে।
১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটের ভাদনগরে জন্মগ্রহণ করেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার তিনি ৭৬তম জন্মদিন পালন করেন।